বাংলাদেশ সংবাদ সংস্থা-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ পদত্যাগ করেছেন। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, নির্ধারিত দুই বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
বর্তমানে বাসসের অফিসিয়াল ওয়েবসাইটে এমডি ও প্রধান সম্পাদকের তালিকায় তার নাম আর দেখা যাচ্ছে না। এর আগে ২০২৪ সালের ১৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার তাকে দুই বছরের চুক্তিতে এই পদে নিয়োগ দিয়েছিল।
সম্প্রতি তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। গত ১৯ ফেব্রুয়ারি গঠিত ওই কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
এর মধ্যেই রাজধানীর পল্টন এলাকায় বাসস কার্যালয়ে সাংবাদিক ও কর্মচারীদের একটি অংশের বিক্ষোভের মুখে পড়েন মাহবুব মোর্শেদ। সেখানে তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হলে তিনি অফিস ত্যাগ করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-এ দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, তাকে সরাতে পরিকল্পিতভাবে ‘মব’ তৈরি করে চাপ সৃষ্টি করা হয়েছে।
এ বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বাসস একটি সরকারি সংবাদ সংস্থা এবং এখানে নিয়োগ ও অব্যাহতির জন্য নির্দিষ্ট বিধিবিধান রয়েছে। সরকার সেই নিয়ম অনুসারেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। তৈরি হওয়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিও বিধি অনুযায়ী সমাধান করা হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে সংবাদমাধ্যমে সংস্কারের অংশ হিসেবে মাহবুব মোর্শেদকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে পদ ছাড়তে হলো।





