ফেনীর পরশুরাম উপজেলার বাঁশপদুয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে মিল্লাত হোসেন (২১) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মো. আফছার (৩১) নামের আরও একজন আহত হয়েছেন।
\r\nবৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার গুথুমা বিওপির আওতাধীন সীমান্ত পিলার ২১৬৪/৩-এস এলাকায় এ ঘটনা ঘটে।
\r\nনিহত মিল্লাত হোসেন উপজেলার বাঁশপদুয়া গ্রামের ইউছুফ মিয়ার ছেলে। আহত আফছার একই এলাকার বাসিন্দা এয়ার আহম্মদের ছেলে।
\r\nবিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের ওই সময় সীমান্তের শূন্যরেখার কাছাকাছি কাঁটাতারের দিকে এগিয়ে গেলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে মিল্লাত ও আফছার গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পথেই মিল্লাতের মৃত্যু হয়। আফছার হাসপাতালে চিকিৎসাধীন।
\r\nবিজিবি ৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, ঘটনার পর বিজিবির একটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
\r\nতিনি আরও বলেন, “কী কারণে এবং কোন পরিস্থিতিতে তারা সীমান্ত অতিক্রম করেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় বিএসএফের কাছে প্রতিবাদলিপি পাঠানো হবে। কোনো অবস্থাতেই সীমান্তে এ ধরনের গুলিবর্ষণ গ্রহণযোগ্য নয়।”





