ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের সংগঠক শহীদ শরিফ ওসমান হাদিকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাফনের আগে আগামীকাল বাদ জোহর জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
শুক্রবার ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে জানানো হয়, শহীদ ওসমান হাদিকে বহনকারী গাড়ি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশ্যে যাত্রা করেছে। সেখানে মরদেহ সংরক্ষণের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ এলাকায় অবস্থান নেবেন।
স্ট্যাটাসে আরও বলা হয়, পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে শহীদ ওসমান হাদিকে কবি নজরুলের কবরের পাশে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে আজকের পরিবর্তে আগামীকাল মিছিলসহ মরদেহ কেন্দ্রীয় মসজিদে আনা হবে।
এদিকে ইনকিলাব মঞ্চ ছাত্র-জনতাকে আজ ও আগামীকাল শৃঙ্খলার সঙ্গে কর্মসূচি পালন করার আহ্বান জানিয়েছে। কোনো গোষ্ঠী যেন অনুপ্রবেশ করে আন্দোলনকে ভিন্নখাতে নেওয়ার সুযোগ না পায় এবং সহিংসতার পরিবেশ তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না।





