রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন এলাকায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় আহত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৬৫ জন।
হাসপাতিভিত্তিক হতাহতদের বিস্তারিত তালিকা অনুযায়ী—কুয়েত মৈত্রী হাসপাতাল: ৮ জন আহত, নিহত নেই, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট: ৪৬ জন আহত, ১০ জন নিহত, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল: ৩ জন আহত, ১ জন নিহত, সিএমএইচ, ঢাকা: ২৮ জন আহত, ১৬ জন নিহত, লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরা: ১৩ জন আহত, ২ জন নিহত, উত্তরা আধুনিক হাসপাতাল: ৬০ জন আহত, ১ জন নিহত, উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: ১ জন আহত, নিহত নেই, শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল: ১ জন আহত, নিহত নেই, ইউনাইটেড হাসপাতাল: ২ জন আহত, ১ জন নিহত, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল: ৩ জন আহত, নিহত নেই
আইএসপিআর আরও জানায়, দুর্ঘটনার পর পরই সেনাবাহিনী, বিমানবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন যৌথভাবে উদ্ধার তৎপরতা শুরু করে। আহতদের দ্রুততম সময়ের মধ্যে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয় এবং সেখানে চিকিৎসা সেবা নিশ্চিত করতে মেডিকেল টিম কাজ করছে।
এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেছে।






