রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি ‘এফ-৭ বিজিআই’ মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই বিমানটি মাইলস্টোন কলেজ সংলগ্ন একটি মাঠে ভেঙে পড়ে।
বিধ্বস্তের সময় কলেজটির স্কুল শাখায় প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত পাঠদান চলছিল। হঠাৎ বিকট শব্দে বিমানটি আছড়ে পড়লে শিক্ষার্থী ও শিক্ষকরা আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনার খবর পেয়ে অভিভাবকরা ছুটে আসেন শিক্ষার্থীদের খোঁজে।
মাইলস্টোন কলেজের জনসংযোগ কর্মকর্তা বুলবুল আহমেদ জানান, দুর্ঘটনার সময় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেকে কান্নায় ভেঙে পড়ে। শিক্ষকরা দ্রুত তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। তিনি জানান, কয়েকজন আহত হয়েছেন বলে খবর পেয়েছেন, যাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হতাহতের সুনির্দিষ্ট তথ্য এখনো তাদের কাছে নেই।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আকাশে হঠাৎ বিকট শব্দের সঙ্গে সঙ্গে ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়। এরপরই জানা যায়, একটি বিমান বিধ্বস্ত হয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, দুপুর ১টা ১৮ মিনিটে তারা ঘটনাটি জানতে পারেন। বিভিন্ন স্থান থেকে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট উদ্ধারকাজে অংশ নেয়।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রাথমিক তদন্ত ও নিরাপত্তা নিশ্চিতের কাজ শুরু করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে একটি বিমানকে দ্রুত নিচে নামতে এবং পরবর্তীতে বিকট বিস্ফোরণে বিধ্বস্ত হতে দেখা যায়। তবে ভিডিওটির সত্যতা এখনো যাচাই করা সম্ভব হয়নি।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার তৎপরতা চলমান রয়েছে। এখনো কেউ নিহত হয়েছেন কি না, তা নিশ্চিত করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।






