দেশজুড়ে চিকিৎসক সংকট মোকাবেলায় সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে। চলতি বছরের সেপ্টেম্বর মাসের মধ্যেই বিশেষ বিসিএসের মাধ্যমে ২,০০০ চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।
\r\nসোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এই অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগের মধ্যে রেলওয়ে হাসপাতালগুলোর যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) সই হয়। অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
\r\nউল্লেখযোগ্যভাবে, বাংলাদেশ রেলওয়ের অধীনে থাকা ১০টি হাসপাতাল এতদিন শুধুমাত্র রেলের কর্মকর্তা-কর্মচারীদের সেবায় ব্যবহৃত হতো। সমঝোতা অনুযায়ী, এখন থেকে এসব হাসপাতাল সাধারণ মানুষের চিকিৎসার জন্যও উন্মুক্ত করা হবে।
\r\nস্বাস্থ্য উপদেষ্টা বলেন, “আমরা রেলওয়ে হাসপাতালগুলো যৌথভাবে পরিচালনায় সম্মত হয়েছি। তবে সার্বিকভাবে সেবা চালু করতে কিছুটা সময় লাগবে। আমাদের লক্ষ্য থাকবে যত দ্রুত সম্ভব এই সেবাগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা।”
\r\nতিনি আরও বলেন, বর্তমানে দেশে প্রায় ৮,০০০ চিকিৎসকের ঘাটতি রয়েছে। এই সংকট মোকাবেলায় বিশেষ বিসিএস আয়োজনের মাধ্যমে প্রাথমিকভাবে ২,০০০ চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে আগামী সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ের মধ্যে।
\r\nরেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, “রেলের কর্মকর্তা-কর্মচারীদের যে চিকিৎসাসেবা বিদ্যমান, তা আগের মতোই অব্যাহত থাকবে। পাশাপাশি সাধারণ মানুষও যেন এই হাসপাতালগুলো থেকে সেবা পায়, সে লক্ষ্যে যৌথভাবে কাজ করা হবে।”
\r\nসমঝোতা স্মারকে সই করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান ও রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।







