সাজাপ্রাপ্ত ব্লগার শফিউর রহমান ফারাবীসহ সব ‘ইসলামপন্থী নিরপরাধ’ কারাবন্দীর মুক্তির দাবি জানিয়েছে ‘বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন’ নামে একটি অরাজনৈতিক ও মানবাধিকার সংগঠন। শুক্রবার (৩০ মে) জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে এক বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি।
\r\nমিছিলটি শাপলা চত্বরের দিকে অগ্রসর হয়, যেখানে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা জানায়। বিক্ষোভ শুরুর আগে সংগঠনের কয়েকজন কেন্দ্রীয় নেতা বক্তব্য দেন। তারা দাবি করেন, ইসলামপন্থী লেখালেখির জন্যই শফিউর রহমান ফারাবীকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্রেপ্তার ও সাজা দেওয়া হয়েছে।
\r\nনেতারা অভিযোগ করেন, “শেখ হাসিনার শাসনামলে ফারাবীকে শুধুমাত্র ধর্মীয় মতাদর্শের কারণে লক্ষ্যবস্তু করা হয়েছে। তাকে বহু পরে সংঘটিত একটি হত্যাকাণ্ডে জড়িত করার চেষ্টা করা হয় এবং উদ্দেশ্যপ্রণোদিত রায়ের মাধ্যমে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।”
\r\nউল্লেখ্য, ২০১৩ সালের ফেব্রুয়ারিতে শাহবাগ আন্দোলনের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দারের জানাজা পড়ানোয় এক ইমামকে হত্যার হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন শফিউর রহমান ফারাবী। ওই ঘটনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় ২০২৩ সালে তাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়।
\r\nএছাড়া বিজ্ঞানবিষয়ক লেখক ও মুক্তমনা ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে ২০১৫ সালের ২ মার্চ রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
\r\nচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন শফিউর রহমান ফারাবী।
\r\n‘বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন’ দাবি করছে, তার বিরুদ্ধে মামলা ও রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তারা সরকারের প্রতি এসব ‘নিরপরাধ বন্দীদের’ মুক্তি দিয়ে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।





