প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মন্তব্য করেছেন যে, অন্তর্বর্তী সরকার বর্তমান পরিস্থিতিতে স্বৈরাচারের পতন নিশ্চিত করার জন্য কাজ করছে, যাতে দেশের মানুষ আবার ১৬ বছর অপেক্ষা না করে। তিনি বলেন, \"আমরা জুলাইয়ের লক্ষ্য বাস্তবায়নে নতুন শপথ নেবো, যাতে স্বৈরাচার আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। যদি কেউ স্বৈরাচার হতে চায়, তবে জনগণ তাদের পতন ঘটাবে। জনগণ রাস্তায় নামলে কোনো শক্তি থামাতে পারে না।\"

মঙ্গলবার প্রধান উপদেষ্টা কার্যালয়ের করবি হলে জুলাই ক্যালেন্ডার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, \"শিক্ষার্থীরা আন্দোলন করে আমাদের মুক্তির স্বাদ দিয়েছে। জুলাই ছিল গণতান্ত্রিক আন্দোলনের এক অমোঘ ডাক, যার উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন বিলুপ্ত করে জনগণের হাতে রাষ্ট্র ফিরিয়ে দেয়া।\"

তিনি আরো বলেন, \"জুলাই মাসে দেশের সব শ্রেণির মানুষের মধ্যে যে ঐক্য গড়ে উঠেছিল, তা যেন অটুট থাকে এবং এর জন্য যেন ১৬ বছর অপেক্ষা করতে না হয়। স্বৈরাচারের কোনো লক্ষণ দেখা মাত্রই যেন তাকে বিনাশ করতে পারি—এটাই জুলাইয়ের শিক্ষা।\"

ড. মুহাম্মদ ইউনূস বলেন, \"জুলাই-আগস্টের পুনরুত্থান কর্মসূচি সফল হোক এবং এর মাধ্যমে আমাদের স্বপ্ন আবার নতুন করে জেগে উঠুক। আমাদের ঐক্য অটুট হোক, সর্বমুখী হোক।\"

উল্লেখ্য, জুলাই অভ‍্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হয়েছে। এর পর, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর হাতে শিক্ষা বৃত্তির চেক তুলে দেন।