নারায়ণগঞ্জের ফতুল্লায় পঞ্চবটি থেকে মুক্তারপুর ফ্লাইওভারের একাধিক পিলারে ফাটলের চিহ্ন দেখা গেছে। শুক্রবার (২১ নভেম্বর) সংঘটিত ভূমিকম্পের প্রভাবেই এই ফাটল সৃষ্টি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শনিবার (২২ নভেম্বর) সকালে সরেজমিনে পরিদর্শন করে ফ্লাইওভারের ৭৪, ৭৫ ও ৭৭ নম্বর পিলারের ব্লকে ফাটল শনাক্ত করা হয়। স্থানীয়রা জানান, ভূমিকম্পের পর থেকেই তারা পিলারগুলোতে ফাটল দেখতে পাচ্ছেন। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে উদ্বিগ্ন এলাকাবাসী ফ্লাইওভারের নিচে জমায়েত হয়ে ফাটল পরীক্ষা করেন। তবে ফাটল ভূমিকম্পের কারণে হয়েছে কি না, তা নিশ্চিত করতে পারছেন না কেউই।
এলাকাটি শিল্পাঞ্চল হওয়ায় প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক ও ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করেন। পিলারে ফাটল দেখা দেওয়ায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, ফাটলের বিষয়টি তিনি সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করেছেন। এ ঘটনা যাচাইয়ের জন্য ইতিমধ্যেই প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। দুর্ঘটনা এড়াতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ারও নির্দেশনা দেয়া হয়েছে।





