ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে আজ রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসে সরেজমিনে শুক্রবারের ভূমিকম্পে সৃষ্ট ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়টি খুঁজেছেন। বিমানবন্দরে অবতরণের পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন তিনি এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

শনিবার সকাল সোয়া ৮টায় ড্রুকএয়ার ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তোবগে। তাকে লাল গালিচায় সংবর্ধনা দেওয়া হয় এবং ১৯ বন্দুক স্যালুট ও গার্ড অব অনার প্রদান করা হয়। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতার সংক্ষিপ্ত বৈঠকেও ভুটানের প্রধানমন্ত্রী ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে তথ্য সংগ্রহ করেন।

এরপর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, পুষ্পস্তবক অর্পণ ও স্মারক বইতে স্বাক্ষর করেন।

দুপুরে বাংলাদেশের পররাষ্ট্র ও বাণিজ্য উপদেষ্টা ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। বিকেল ৩টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠক এবং সন্ধ্যায় সরকারি নৈশভোজে অংশগ্রহণের কথা রয়েছে।

পররাষ্ট্র সচিব মো. আসাদ আলম সিয়াম জানান, বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, জ্বালানি, বিদ্যুৎ, টেলিযোগাযোগ, পর্যটন, সংস্কৃতি, যুব ও ক্রীড়া, শিল্পসহ বিভিন্ন দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয় আলোচনা হবে। এছাড়া ভুটানে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ, বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং কৃষি সহযোগিতা বিষয়ক তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২৩ নভেম্বর তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।