সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর পূর্বাচলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।


তিনি বলেন, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ব্যবসায়ীদের ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো এখতিয়ার নেই। কেউ যদি এমন কাজ করে, সরকার তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।


এর আগের দিন (সোমবার) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভোজ্যতেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়।


তাদের ঘোষণায় বলা হয়, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৬ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা, খোলা সয়াবিন তেলের দাম ৮ টাকা বাড়িয়ে ১৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া পাঁচ লিটারের বোতলের দাম ২৩ টাকা বাড়িয়ে করা হয়েছে ৯৪৫ টাকা এবং খোলা পাম তেলের দাম লিটারপ্রতি ১৩ টাকা বাড়িয়ে ১৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।