চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সদর ইউনিয়নের চামুসা গ্রামে শনিবার (৮ মার্চ) রাতে এক অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত পোনে ৯টার দিকে মৃত জামালের ছেলে মো. কাওসারের বাড়িতে আগুন লেগে যায়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
\r\nস্থানীয়রা জানায়, আগুন লাগার সময় বাড়িতে কেউ ছিল না। প্রতিবেশীরা হঠাৎ আগুন দেখতে পেয়ে চিৎকার করলে এলাকাবাসী দ্রুত আগুন নিভানোর জন্য ছুটে আসেন। তবে আগুনের তীব্রতায় বাড়ির মালিক মো. কাওসারসহ তার পরিবার কিছুই রক্ষা করতে পারেনি।
\r\nকাওসার জানান, আগুনে ১১টি গবাদিপশু, যার মধ্যে ৭টি গরু, ২টি ছাগল, হাঁস-মুরগি, নগদ টাকা, স্বর্ণালংকার, ৫০ মণ ধান এবং বাড়ির অন্যান্য প্রয়োজনীয় আসবাবপত্র সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
\r\nভোলাহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা আলী জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ৯টি গবাদিপশু পুড়ে মারা গেছে, তবে ২টি গরু উদ্ধার করা সম্ভব হয়েছে।







