জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটকে সামনে রেখে দেশব্যাপী “হ্যাঁ ও দুর্নীতিবিরোধী ক্যাম্পেইন ২০২৬” চালানোর ঘোষণা দিয়েছে মঞ্চ ২৪।
আজ এক সংবাদ সম্মেলনে মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী জানান, জুলাই সনদের বাস্তবায়নের মাধ্যমে আধিপত্যবিরোধী নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত তৈরি করাই এই প্রচারণার মূল উদ্দেশ্য। তিনি বলেন, দেশের প্রতিটি বিভাগীয় শহরে ধারাবাহিক গণসংযোগ ও প্রচার কার্যক্রম পরিচালনা করা হবে।
ফাহিম ফারুকী আরও বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী করা ভারতীয় আধিপত্যবিরোধী লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। একই সঙ্গে আগামীর সংসদে দুর্নীতিগ্রস্ত কোনো ব্যক্তি প্রবেশ করতে না পারার জন্য দেশব্যাপী দুর্নীতিবিরোধী প্রচারণা চালানো হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ক্যাম্পেইনে ছাত্র-জনতা, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ, আহত ও শহীদ পরিবারের সদস্য, আলেম সমাজ, নারী নেতৃত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে বিভাগীয় শহরগুলোতে কর্মসূচি পরিচালনা করা হবে।
ফাহিম ফারুকী বলেন, “শরীরে এক ফোঁটা রক্ত থাকতে এই মাটিতে ফ্যাসিবাদের সূচনা করতে দেওয়া হবে না। জনগণকে প্রার্থী যাচাইয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে, যেন ভারতের মদদপুষ্ট কোনো কেন্দ্রীয় প্রভাবশালী ব্যক্তি বাংলাদেশের প্রতিনিধি না হতে পারে।”
মঞ্চ ২৪-এর অবস্থান, গণভোটে জনগণের স্পষ্ট ও সাহসী অংশগ্রহণই সার্বভৌম, গণতান্ত্রিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশের ভিত্তি রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





