মালদ্বীপের দিঘুরা দ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই প্রবাসী বাংলাদেশি আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। আহতরা হলেন জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।
মালদ্বীপে বাংলাদেশ দূতাবাস পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়, ঘটনাটি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে দূতাবাস। পাশাপাশি আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। গুরুতর আহতদের মালদ্বীপের রাজধানী মালেতে অবস্থিত আইজিএমএইচ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দূতাবাস আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।





