উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষক মাহরীন চৌধুরী ও মাসুকা বেগমকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি। তিনি জানান, “বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, মর্যাদাপূর্ণ এ সম্মাননা প্রদানের বিস্তারিত খুব শিগগিরই নির্ধারণ করা হবে।”

বৈঠকের শুরুতে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোকপ্রস্তাব গৃহীত হয়। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

বৈঠকে মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসা সহায়তায় সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

এই সহায়তা নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এতে বহু শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক হতাহত হন। মৃতের সংখ্যা ইতোমধ্যে ৩২ জনে পৌঁছেছে।