জুলাই আন্দোলনের সময় হাজারো নির্দেশনা দিয়েছিলেন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলন দমনের সেই সময়ের প্রায় এক হাজার কল রেকর্ড মুছে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর জোহা সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতের দিল্লিতে পালিয়ে যাওয়ার পরদিন সন্ধ্যায় এনটিএমসির সার্ভার থেকে তার ব্যবহৃত চারটি ফোন নম্বরের তথ্য ও কল রেকর্ড মুছে দেওয়া হয়।

তানভীর জোহা জানান, শুধু শেখ হাসিনার নয়, একই সঙ্গে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও সাবেক এক পরিকল্পনামন্ত্রীর কল রেকর্ডও মুছে ফেলা হয়েছে।

তদন্ত কর্মকর্তার দাবি, এনটিএমসির তৎকালীন মহাপরিচালক জিয়াউল আহসানের নির্দেশে ওপেন সোর্স থেকে নিয়োগ পাওয়া এক ব্যক্তি এই তথ্য মুছে ফেলেন।

তিনি বলেন, “প্রাথমিকভাবে শনাক্ত চারটি নম্বরই শেখ হাসিনার। এই নম্বরগুলোর মুছে ফেলা ডিজিটাল প্রমাণ উদ্ধারের চেষ্টা চলছে।”