মৃত্যুর তিন দিন আগেই ‘মোটকথা তুই লিস্টেড’ লিখে জান্নাত আরা রুমীকে হুমকি দেওয়া হয়েছিল—এমন একটি ফেসবুক পোস্টকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে। হুমকির ঠিক তিন দিনের মাথায় তাঁর মরদেহ উদ্ধার হওয়ায় ঘটনাটি নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে।
আজ (১৮ ডিসেম্বর) সকালে রাজধানীর হাজারীবাগে একটি হোস্টেল থেকে এনসিপি নেত্রী জান্নাত আরা রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত করতে পারেনি প্রশাসন। তবে এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্ট আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।
গত সোমবার (১৫ ডিসেম্বর) ‘সাপোর্টার্স অব বাংলাদেশ আওয়ামীলীগ’ নামের একটি ফেসবুক গ্রুপ থেকে জান্নাত আরা রুমীর জাতীয় পরিচয়পত্র, ছবি ও মোবাইল নম্বরসহ একটি পোস্ট দেওয়া হয়। পোস্টে দাবি করা হয়, তাঁর আইডির লিংক ‘সাইদির’ (অজ্ঞাত ব্যক্তি) কাছে পাঠানো হয়েছে।
এছাড়া পোস্টে রাজধানীর ধানমন্ডিতে জান্নাতের বর্তমান ঠিকানা এবং নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার ৩ নম্বর ওয়ার্ডে তাঁর গ্রামের বাড়ির নির্দিষ্ট ঠিকানাও উল্লেখ করা হয়। সেখানে হুমকিস্বরূপ লেখা ছিল—“মোটকথা তুই লিস্টেড। তোর বিচার আমার বোনেরা করবে।”
উল্লেখ্য, এর আগে গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পল্টনে মোটরসাইকেলযোগে এসে রিকশায় থাকা ওসমান হাদীকে মাথায় গুলি করে হত্যা করা হয়। ঘটনার পর শুটার ফয়সাল ও তার সহযোগী আলমগীর ভারতে পালিয়ে যায় বলে জানা যায়।
এরপর থেকেই দেশের জুলাই আন্দোলনে সক্রিয় রাজনৈতিক কর্মী ও তারকা অঙ্গনের বেশ কয়েকজন ব্যক্তি ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকির মুখে পড়ছেন বলে অভিযোগ উঠেছে।





