মেট্রোরেলের বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদের স্ত্রী আইরিন আক্তার পিয়া ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে (ডিএমটিসিএল) চাকরি পাচ্ছেন। শুরুতে তাকে কম্পিউটার অপারেটর হিসেবে নিয়োগ দেওয়া হবে। স্নাতক সম্পন্ন করার পর তাকে অফিসার পদে উন্নীত করা হবে।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহামেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আইরিন আক্তার পিয়াকে আপাতত কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হচ্ছে। অনার্স শেষ হলে তাকে অফিসার পদে পদোন্নতি দেওয়া হবে।”
উল্লেখ্য, গত রবিবার দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের ৪৩৩ নম্বর পিলারের বিয়ারিং প্যাড হঠাৎ খুলে পড়ে গেলে আবুল কালাম আজাদ নিহত হন। দুর্ঘটনার পরদিনই সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে এবং পরিবারের এক সদস্যকে মেট্রোরেলে চাকরির ব্যবস্থা করা হবে।





