মোটরসাইকেল বিক্রির সময় ক্রেতাকে বাধ্যতামূলকভাবে বিএসটিআই অনুমোদিত দুটি হেলমেট বিনামূল্যে দেওয়ার নীতিমালা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
বিআরটিএ চেয়ারম্যান বলেন, মোটরসাইকেল বিক্রেতাদের জন্য একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে, যা অনুমোদনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। নীতিমালা কার্যকর হলে প্রতিটি মোটরসাইকেল বিক্রির সময় ক্রেতাকে দুটি বিএসটিআই অনুমোদিত হেলমেট বিনামূল্যে দিতে হবে।
তিনি আরও জানান, মোটরসাইকেল চালকদের লাইসেন্স প্রদানে কোনো ছাড় দেওয়া হবে না। বয়স পূর্ণ না হলে লাইসেন্স দেওয়া হবে না এবং এ ক্ষেত্রে আইন প্রয়োগ আরও কঠোর করা হবে।
দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, দেশে মোট সড়ক দুর্ঘটনার ৭৩ শতাংশই মোটরসাইকেল সংশ্লিষ্ট। এসব দুর্ঘটনায় নিহতদের বড় একটি অংশের বয়স ৫ থেকে ২৯ বছরের মধ্যে, যা দেশের ভবিষ্যতের জন্য উদ্বেগজনক।
তিনি বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য তরুণদের প্রাণহানি কমানো জরুরি। এজন্য আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে।
বিআরটিএ চেয়ারম্যান জানান, সংস্থাটির সব কার্যক্রম অটোমেশনের আওতায় আনা হচ্ছে এবং খুব শিগগিরই সব সেবা অনলাইনে চালু করা হবে, যাতে সেবা গ্রহণে হয়রানি কমে।
অনুষ্ঠান শেষে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বিআরটিএ নোয়াখালী সার্কেলের উদ্যোগে মোট ৪১টি পরিবারকে ১ কোটি ৬৫ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। এ সময় বিআরটিএর ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





