মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ককটেল তৈরির একটি গোপন কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক ও সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে মোহাম্মদপুর থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থল থেকে বেশকিছু ককটেল এবং তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। তিনি বলেন, উদ্ধারকৃত বিস্ফোরকের সঠিক সংখ্যা ও অন্যান্য বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ১৭ নভেম্বরকে কেন্দ্র করে এসব ককটেল তৈরি করছিল। এগুলো রাজধানীর বিভিন্ন স্থানে সরবরাহ করার পরিকল্পনা ছিল বলে ধারণা করা হচ্ছে।

এই ঘটনাই প্রথম নয়। অক্টোবর মাসেও সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে জেনেভা ক্যাম্প থেকে ৩২টি তাজা ককটেল ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তখন চারজনকে আটক করা হয়েছিল।

এছাড়া জেনেভা ক্যাম্প এলাকায় ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা আগেও ঘটেছে। ২২ অক্টোবর এক ককটেল বিস্ফোরণে একজন যুবকের মৃত্যু হয়। মাদক কারবার ও স্থানীয় গ্রুপগুলোর আধিপত্য বিস্তার নিয়ে এসব ঘটনার সৃষ্টি হয় বলে আগের বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।