মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ আরও ৪৮ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের পর তাদের আটক করে বিজিবি।

বড়লেখা থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, “বড়লেখা উপজেলার পাল্লাথল বিওপির আওতাধীন সীমান্তবর্তী পাল্লাথল পুঞ্জি এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে তারা। পাহাড়ি এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় বিজিবির টহলদল তাদের আটক করে।”

আটকদের মধ্যে ১৫ জন পুরুষ, ১৫ জন নারী এবং ১৮ জন শিশু রয়েছে।

বিজিবির তথ্য অনুযায়ী, চলতি বছর মৌলভীবাজার জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে এ পর্যন্ত মোট ৪৫২ জন বাংলাদেশিকে পুশ-ইন করা হয়েছে। এর মধ্যে বড়লেখা সীমান্ত দিয়ে ৩৪১ জন, জুড়ী উপজেলা দিয়ে ১০ জন, কুলাউড়া দিয়ে ২১ জন, শ্রীমঙ্গল দিয়ে ১৯ জন এবং কমলগঞ্জ উপজেলা দিয়ে ৬১ জন প্রবেশ করেছেন। বিজিবি ও প্রশাসনের নজর এড়িয়ে আরও অনেকে প্রবেশ করলেও তারা আটক হননি।

বিজিবির ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায়, তারা চিকিৎসা ও কর্মসংস্থানের উদ্দেশ্যে কুড়িগ্রাম ও যশোর জেলার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। সেখান থেকে তাদের আটক করে বিএসএফ বাংলাদেশে ফেরত পাঠায়।

তিনি আরও জানান, “আটক ব্যক্তিরা যশোর, বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল ও কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে দাবি করেছেন। তাদের পরিচয় যাচাই করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”