প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করা চ্যালেঞ্জ হলেও আমরা ইতোমধ্যেই উদ্যোগ নিয়েছি। স্বাধীনতার পর এ দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে কেউ ঝুঁকি নিতে প্রস্তুত ছিলেন না। তিনি বলেন, “যত ঝড়-তুফান আসুক, দায়িত্ব পালন থেকে আমরা পিছপা হব না।”


সোমবার সকাল সাড়ে ১০টায় বিকল্প ধারা বাংলাদেশসহ ছয় দলের সঙ্গে সংলাপে বসে সিইসি এই মন্তব্য করেন। সংলাপে সিইসিসহ চার নির্বাচন কমিশনার ও কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমিশনার অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ সংলাপের সঞ্চালনা করেন।


সিইসি বলেন, নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা দায়িত্ব থেকে পিছু হটিনি। ভবিষ্যতে যত চ্যালেঞ্জই আসুক, আমরা দায়িত্ব পালন চালিয়ে যাব। কারণ, দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি আরও বলেন, “যদি আপনারা সহযোগিতা না করেন, তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।”


দলগুলিকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে সিইসি বলেন, খুব শিগগিরই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন।