কৃষিবিদদের তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর আগারগাঁও ‘ব্লকেড’ করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। এতে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি শুরু হয়।

এর আগে, গত বুধবার (২৭ আগস্ট) রাতে এক আলোচনা শেষে এই কর্মসূচি নেওয়া হয়। পরে কৃষিবিদ ঐক্য পরিষদের ফেসবুক গ্রুপ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগেও প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শেকৃবির শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন।

শিক্ষার্থীদের তিন দফা দাবি:
১. কৃষি সম্প্রসারণ অধিদফতর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের ১০ম গ্রেড (উপ-সহকারী কৃষি কর্মকর্তা/উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) শুধুমাত্র কৃষিবিদদের জন্য উন্মুক্ত করা।
২. নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া ৯ম গ্রেডে (বিএডিসির কোটা বাতিল) পদোন্নতির কোনো সুযোগ না রাখা।
৩. কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক না হলে নামের সঙ্গে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার না করার সরকারি প্রজ্ঞাপন জারি করা।

এদিকে, বৃহস্পতিবার দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছে প্রকৌশল শিক্ষার্থীরা। তবে জনদূর্ভোগ এড়াতে তারা শাহবাগ অবরোধ না করার সিদ্ধান্ত নিয়েছেন।