আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীতে গাবতলীর স্থায়ী হাটসহ মোট ২৮টি কোরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে দুই সিটি করপোরেশন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১৬টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১২টি হাট বসবে।
হাট ইজারা প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত ও রাজনৈতিক প্রভাব এড়াতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে দুই সিটি কর্তৃপক্ষ। তাদের দাবি, উন্মুক্ত টেন্ডারের মাধ্যমেই ইজারা কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, কোনো ধরনের গোপন প্রক্রিয়ায় পশুর হাট ইজারা দেওয়া হচ্ছে না। উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে সবার অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। টেন্ডার জমা ও খোলার পুরো প্রক্রিয়া অংশগ্রহণকারীদের সামনেই সম্পন্ন করা হয়।
তিনি আরও জানান, সবাইকে সুযোগ দিতে তিন ধাপে টেন্ডার প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে উত্তর সিটির ১০টি হাটের ইজারা সম্পন্ন হয়েছে। বাকি ৫টি হাটের ইজারা আগামী সোমবারের মধ্যে চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।
অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, দক্ষিণ সিটির ১২টি অস্থায়ী পশুর হাটের ইজারাও ওপেন টেন্ডারের মাধ্যমে সম্পন্ন হয়েছে। এবার কোনো রাজনৈতিক প্রভাব ছাড়াই টেন্ডার কার্যক্রম পরিচালিত হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, নির্ধারিত সময়ের আগে কোথাও পশুর হাট বসতে দেওয়া হবে না। হাটগুলোর জন্য নির্দিষ্ট সীমানা নির্ধারণ করে দেওয়া হচ্ছে এবং এর বাইরে কার্যক্রম পরিচালনা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





