জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদীর হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চ অনির্দিষ্টকালের জন্য শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মঞ্চের সদস্য নাইম ইবনে জহির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বে না বিক্ষোভকারীরা। জুমার নামাজের পর ঢাকার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বের হওয়া মিছিল শাহবাগ মোড়ে পৌঁছে অবস্থান নেয়। এতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণির মানুষ অংশ নেন। অবস্থান কর্মসূচির কারণে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ থাকে।

মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, “হাদীর হত্যার বিচার না হওয়া পর্যন্ত জনগণকে শাহবাগে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। রাষ্ট্র যদি নাগরিকের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, ক্ষমতায় থাকার নৈতিক অধিকার রাখে না।”

অবস্থান কর্মসূচিতে ইনকিলাব মঞ্চ তাদের তিন দফা দাবি পুনরায় তুলে ধরেছে—

দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে শহীদ হাদীর হত্যার বিচার সম্পন্ন করা।

হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত গোয়েন্দা সংস্থা (এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ড) যুক্ত করা।

সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে থাকা সংশ্লিষ্ট আওয়ামী লীগের সদস্যদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করা।

অবস্থান কর্মসূচিতে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম বলেন, “সরকার ন্যূনতম বিচার নিশ্চিত করতে ব্যর্থ হলে তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই।”
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস সালাউদ্দিন আম্মার বলেন, “হাদীর মুখ বন্ধ করা মানে লাখ হাদিকে জাগিয়ে তোলা। আমরা এখানে বক্তব্য দিতে আসিনি, আমরা ইনসাফ চাইতে এসেছি।”

অবস্থান কর্মসূচিতে নারী, পুরুষ ও সব বয়সী মানুষ অংশ নেন। ইনকিলাব মঞ্চ জানিয়েছে, প্রয়োজনে তারা দিন-রাত শাহবাগে অবস্থান করবেন এবং বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান।