ঢাকার মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার এলাকায় সেনাবাহিনীর অভিযানে একটি কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে দুটি ধারালো অস্ত্র (সামুরাই) উদ্ধার করা হয়।

বসিলা সেনাক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ জানুয়ারি ২০২৬) রাত ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। তথ্য অনুযায়ী, রায়েরবাজার এলাকায় একটি অপরাধী চক্র ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বসিলা আর্মি ক্যাম্প থেকে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। প্রথম পর্যায়ে ইকবাল হোসেন (২৯) ও মিঠুন মির্দা (২৭) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা তাদের অন্যান্য সহযোগীদের তথ্য দিলে পরবর্তী অনুসরণী অভিযানে মোহাম্মদপুরের লাউতলা এলাকা থেকে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন মো. আলী, নূরনবী ইসলাম, মো. সুমন, মো. রব্বি ও মো. শাকিল।

এ সময় তাদের কাছ থেকে দুটি ধারালো সামুরাই উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলো ব্যবহার করে তারা এলাকায় ভয়ভীতি সৃষ্টি করে চাঁদাবাজি ও ছিনতাই করত বলে জানিয়েছে সেনাবাহিনী।