জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশ নিতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রবিবার (১২ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে তিনি রোমে পৌঁছান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
রোমের ফিউমিসিনো আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক। তার আগে সকাল সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ইতালার উদ্দেশে রওনা দেন।
সফরসূচি অনুযায়ী, ড. ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়নসহ বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হবে।
জাতিসংঘের এফএও আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরাম বিশ্বজুড়ে নীতিনির্ধারক, গবেষক ও উদ্যোক্তাদের জন্য একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম, যেখানে খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করা হয়। এবারের আসরটি ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত রোমে এফএও সদর দপ্তরে অনুষ্ঠিত হচ্ছে।
প্রধান উপদেষ্টার এই সফরকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্রিয় কূটনৈতিক ভূমিকার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। তিনি আগামী ১৫ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।





