লক্ষ্মীপুর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এতে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। ঘটনার সময় আন্দোলনের মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদসহ কয়েকজনকে আটক করা হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে চকবাজার মসজিদের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। একই সময়ে জুলাই ফাইটার্সের ব্যানারে ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ আয়োজন করেন। সংঘর্ষের পর শহরের চকবাজারসহ আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়, ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রাখেন।

পুলিশ জানায়, শনিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী হাবিবুর রহমান ফাহিম ও জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক আকবর হোসেন মুন্নার মধ্যে কথাকাটাকাটির ঘটনায় সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর রবিবার বিকেল ৫টায় চকবাজার মসজিদের সামনে আন্দোলনকারীদের প্রতিবাদ মিছিল হয়।

পৌর শহরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা বিকেল সাড়ে ৪টা থেকে ১৪৪ ধারা জারি করেছেন, যা আইন-শৃঙ্খলা স্বাভাবিক না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, “দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে প্রশাসন ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করেছে। আমরা দুই পক্ষকে পৃথকভাবে সরিয়ে দিয়েছি। ওসিসহ কয়েকজন আহত হয়েছেন।”