গর্ভবতী নারীরা সামাজিক মাধ্যম দেখে মেথি পানিতে ঝুঁকে পড়লেও চিকিৎসকেরা এ বিষয়ে সতর্ক করেছেন। মেথির উষ্ণ প্রকৃতির কারণে হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে। এতে অকাল প্রসবের ঝুঁকি বাড়ে। যে কোনো স্বাস্থ্য ট্রেন্ড অনুসরণ করার আগে বিশেষজ্ঞের পরামর্শকে প্রাধান্য দিতে বলছেন চিকিৎসকেরা।
আয়ুর্বেদ বিশেষজ্ঞরা বলছেন, মেথির তাপমাত্রা বৃদ্ধি করার প্রবণতা রয়েছে। যাদের পিত্তের সমস্যা বা বুকজ্বালা আছে, তাদের ক্ষেত্রে মেথি ভেজানো পানি হজমের সমস্যা আরও বাড়ায়। তাই এসব ব্যক্তির জন্য মেথি সেবনে সতর্কতা প্রয়োজন।রক্ত পাতলা করার ওষুধ খান এমন ব্যক্তিদের জন্য মেথি ভেজানো পানি মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষজ্ঞদের মতে, মেথি এসব ওষুধের কার্যকারিতায় বাধা দেয়। এতে রক্তক্ষরণসহ অন্যান্য স্বাস্থ্য জটিলতা দেখা দিতে পারে।শিশুদের হজমতন্ত্র দুর্বল হওয়ায় মেথি ভেজানো পানি পেটব্যথা, ডায়রিয়া ও গ্যাসের সমস্যা তৈরি করতে পারে। বয়স্কদের ক্ষেত্রে রক্তে শর্করা অতিমাত্রায় কমে যাওয়ার ঝুঁকির কথা উল্লেখ করেছেন চিকিৎসকেরা। তাই এসব বয়সে মেথি সেবনে পরিমিতি ও পরামর্শ দুই-ই জরুরি।মেথি ভেজানো পানি বেশি পান করলে গ্যাস, ডায়রিয়া, বমি, মুখে দুর্গন্ধ এমনকি শরীরে অস্বাভাবিক গন্ধও দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো ভেষজ উপাদানের আরেকটি দিক থাকে, যা সবার শরীরের সঙ্গে মিল নাও খেতে পারে।সামাজিক মাধ্যমের জনপ্রিয় ট্রেন্ড দেখে অনেকেই মেথি ভেজানো পানি নিয়মিত পান করছেন। চিকিৎসকেরা বলছেন, ব্যক্তির শারীরিক প্রকৃতি ভিন্ন হওয়ায় এই ধরনের একক পরামর্শ সবার ক্ষেত্রে কার্যকর নয়। নিজের স্বাস্থ্য পরিস্থিতি বুঝে তবেই সিদ্ধান্ত নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।





