রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২১ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন, “এফ-৭ বিজেআই মডেলের বিমানটি বিধ্বস্তের ফলে বিমানসেনা এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কর্মচারীদের মধ্যে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা অপূরণীয়। জাতির জন্য এটি অত্যন্ত বেদনাদায়ক এক মুহূর্ত।”

তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সংশ্লিষ্ট হাসপাতাল ও প্রশাসনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন।

ড. ইউনূস বার্তায় আরও জানান, সরকার ইতোমধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে।