সারা দেশে শীতের প্রকোপ বাড়ায় স্বস্তি ফিরেছে সবজির বাজারে। সরবরাহ বেড়ে যাওয়ায় বেশির ভাগ সবজির দাম কমেছে। বিক্রেতারা বলছেন, সামনে দাম আরও কমতে পারে। পাশাপাশি পেঁয়াজের দামও এখন ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে রয়েছে।

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে এ চিত্র দেখা গেছে।

বাজারে গিয়ে দেখা যায়, শিমের দাম কেজিতে প্রায় ১০ টাকা কমে প্রকারভেদে ৩০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটোর কেজি ৭০ থেকে ৮০ টাকা, দেশি গাজর কেজিতে ২০ টাকা কমে ৩০ থেকে ৪০ টাকা এবং মুলা বিক্রি হচ্ছে কেজিতে ২০ টাকায়। ফুলকপি ১৫ থেকে ২০ টাকা পিস, বড় সাইজের বাঁধাকপি ২৫ থেকে ৩০ টাকা এবং লাউ ৪০ থেকে ৫০ টাকা দরে পাওয়া যাচ্ছে।

এ ছাড়া ঝিঙা বিক্রি হচ্ছে কেজিতে ৮০ টাকা, বরবটি ৮০ থেকে ১০০ টাকা, বেগুন প্রকারভেদে ৫০ থেকে ১০০ টাকা, কচুর লতি ৭০ থেকে ৮০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, করলা ১০০ টাকা এবং ধুন্দল ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা জানান, শীত বাড়ার সঙ্গে সঙ্গে মাঠ থেকে সবজির সরবরাহ আরও বাড়ছে। ফলে বাজারে দাম আরও নামার সম্ভাবনা রয়েছে।