সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে প্রতিদিন এক ঘণ্টার কর্মবিরতির ঘোষণা দিয়েছে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম। বুধবার (২৮ মে) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম এই কর্মসূচির ঘোষণা দেন।

\r\n

তিনি জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সচিবালয়ে কর্মবিরতি পালন করা হবে এবং এ কর্মসূচি সারা দেশের সরকারি অফিসেও পালিত হবে। দাবি আদায় না হলে আগামী ৩১ মে’র পর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।

\r\n

অধ্যাদেশ নিয়ে চলমান সংকট সমাধানে বুধবার সকালে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে সাত সচিবের সমন্বয়ে গঠিত একটি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ জানান, আন্দোলনকারীদের দাবিগুলো মন্ত্রিপরিষদ সচিব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরবেন। তিনি দেশে ফিরলে বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।

\r\n

সালেহ আহমেদ বলেন, “মন্ত্রিপরিষদ সচিবের পক্ষ থেকে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। আন্দোলনকারীদের দাবিগুলো আমরা গুরুত্বসহকারে বিবেচনা করছি।”

\r\n

এ প্রসঙ্গে নুরুল ইসলাম বলেন, “ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে আলোচনা করেই আমরা আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণ করেছি। সরকার যদি দ্রুত সমস্যার সমাধান না করে, তাহলে বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।”

\r\n

উল্লেখ্য, ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এ সরকারি চাকরিজীবীদের পদোন্নতি ও চাকরি নিরাপত্তা সংক্রান্ত কিছু বিধান পুনর্বিন্যাস করা হয়েছে। তবে এসব পরিবর্তনে অসন্তোষ জানিয়ে দেশের বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীরা আন্দোলনে নেমেছেন।