সন্ত্রাস দমন ও বিচারের আহ্বানের পাশাপাশি সকল নাগরিকের মানবাধিকার রক্ষার পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার (১৯ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
মাহফুজ আলম লিখেছেন, “সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারে সহযোগিতা করুন, কিন্তু কোনো এলাকাকে ‘ঘেটো’ বানানোর চেষ্টা করবেন না। নাগরিক হিসেবে মানবাধিকারের পক্ষে থাকুন।”
গোপালগঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, “ওখানে উল্লেখযোগ্যসংখ্যক নিম্নবর্গের হিন্দু জনগোষ্ঠী আছে, যারা গত সরকার আমলে নিপীড়ন ও বঞ্চনার শিকার হয়েছেন। আমাদের উচিত, দেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী শাসনে নিপীড়িত জনগণের সঙ্গে সংহতি গড়ে তোলা।”
তিনি আরও উল্লেখ করেন, “শেখ হাসিনার পতন শুধু রাজনৈতিক ছিল না, ছিল নৈতিকও। তার রাজনৈতিক পতনের আগে নৈতিক পরাজয় ঘটেছে। তাই আমরা যদি নৈতিক অবস্থান হারাই, তবে গণ-অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়।”
পুনর্গঠন এবং দায়িত্বশীলতার প্রয়োজনীয়তা তুলে ধরে মাহফুজ বলেন, “অনেকে এখনো ধ্বংসের চিন্তায় ব্যস্ত, কিন্তু গড়ার কাজে কাউকে পাওয়া যাচ্ছে না। পুরনো বন্দোবস্ত ইতিমধ্যেই ভেঙে পড়েছে। এখন এটাকে আর ভাঙা সম্ভব নয়, বরং ভাঙতে গেলে আরও বেঁকে যাবে। সময় এলেই ভাঙা যাবে, কিন্তু এখন আমাদের উচিত নতুন বন্দোবস্ত গড়ায় মনোযোগ দেওয়া।”
গণ-অভ্যুত্থানের পরবর্তীতে প্রস্তুতির ঘাটতির কথা স্বীকার করে তিনি লেখেন, “আমাদের মধ্যে বিহ্বলতা ও অনভিজ্ঞতা ছিল, যার ফলে আমরা ফ্যাসিবাদী কাঠামো পুরোপুরি ভাঙতে পারিনি। তবে এখন যদি আমরা রাজনৈতিকভাবে জনগণকে সংগঠিত করতে পারি এবং জবাবদিহিমূলক গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি, তাহলে সেই কাঠামো ভাঙার পথ সুগম হবে।”
উল্লেখ্য, দেশের বিভিন্ন স্থানে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই বক্তব্যকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।






