সাগরে লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে বৃহস্পতিবার (৩ জুলাই) চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে খুলনা, বরিশাল ও নোয়াখালীসহ উপকূলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।


আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, বর্তমানে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে এবং তা উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।


আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বিশেষ করে উপকূলীয় এলাকাগুলোর জন্য সতর্কতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

জুলাই মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, মাসজুড়ে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। এছাড়া মাসজুড়ে এক থেকে দুটি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


সদ্য বিদায়ী জুন মাসে দেশে স্বাভাবিকের তুলনায় ১৯ দশমিক ৩ শতাংশ কম বৃষ্টি হয়েছে। এর মধ্যে সবচেয়ে কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেট বিভাগে, যেখানে স্বাভাবিকের চেয়ে ৪৯ শতাংশ বৃষ্টিপাত কম হয়েছে। ঢাকা বিভাগেও ৩৩ শতাংশ বৃষ্টির ঘাটতি দেখা গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলমান আবহাওয়াগত অবস্থার কারণে কৃষি, নদী ও সমুদ্রপথে চলাচলে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হচ্ছে।