বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর দেশটির ধর্ম মন্ত্রণালয় ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। ঘোষিত তথ্য অনুযায়ী, আগামী ৬ জুন, শুক্রবার দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে।
\r\nমঙ্গলবার (২৭ মে) ইন্দোনেশিয়ার আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়। সে অনুযায়ী, বুধবার ২৮ মে হবে জিলহজ মাসের প্রথম দিন। খবরটি নিশ্চিত করেছে গালফ নিউজ।
\r\nএদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও মঙ্গলবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ চাঁদ দেখা গেলে সেখানেও ঈদুল আজহা একই দিনে, ৬ জুন উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে পবিত্র হজ অনুষ্ঠিত হবে ৫ জুন।
\r\nইতোমধ্যে আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান পূর্বাভাসে জানান, মঙ্গলবার ২৭ মে সকালে জিলহজের নতুন চাঁদের আবির্ভাব ঘটবে এবং সন্ধ্যায় চাঁদটি ৩৮ মিনিট পর্যন্ত আকাশে অবস্থান করবে, ফলে চাঁদ দেখা সহজ হবে।
\r\nতিনি আরও বলেন, আমিরাত সময় অনুযায়ী মঙ্গলবার সকাল ৭টা ২ মিনিটে চাঁদের জন্ম হবে। সূর্যাস্তের সময় এটি দিগন্ত রেখার ওপরে থাকবে, ফলে চাঁদ দেখা নিশ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
\r\nমধ্যপ্রাচ্যে চাঁদ দেখা গেলে মুসলিম বিশ্বের একটি বড় অংশেই একই তারিখে ঈদ উদযাপনের পথ সুগম হবে। এখন সবদৃষ্টি সৌদি আরবের আনুষ্ঠানিক ঘোষণার দিকে।





