সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর পূর্বাচলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ব্যবসায়ীদের দামের পরিবর্তন করার কোনো এখতিয়ার নেই।

তিনি বলেন, “সরকার কোনোভাবেই তেলের দাম বাড়ায়নি। কেউ যদি নিজের মতো করে দাম পরিবর্তন করে, তাহলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

এর আগে গত ১৩ অক্টোবর বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভোজ্যতেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়। তারা জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন দাম নির্ধারণ করা হয়েছে, যা ১৪ অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা।

সংস্থাটির ঘোষণায় বলা হয়, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৬ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। খোলা সয়াবিন তেলের দাম বেড়ে হয়েছে ১৭৭ টাকা, আর পাঁচ লিটারের বোতল ২৩ টাকা বেড়ে ৯৪৫ টাকা। এছাড়া খোলা পাম তেলের দাম লিটারপ্রতি ১৩ টাকা বাড়িয়ে ১৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে মঙ্গলবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ দোকানে আগের দামেই সয়াবিন তেল বিক্রি হচ্ছে। অনেক ক্রেতা তেলের দাম বাড়ানোর খবর নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।