বহুল আলোচিত সাইবার নিরাপত্তা আইন বাতিল করে নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ জারি করেছে সরকার। গতকাল (বুধবার) রাতে এই অধ্যাদেশের গেজেট প্রকাশ করে আইন মন্ত্রণালয়। নতুন অধ্যাদেশে সাইবার নিরাপত্তা আইনের ৯টি ধারা বাদ দেওয়া হয়েছে এবং কিছু নতুন নিয়ম যোগ করা হয়েছে।

\r\n

গত ২৪ ডিসেম্বর সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া নীতিগত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এরপর খসড়াটি পরিমার্জন করে ৬ মে চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়।

\r\n

নতুন অধ্যাদেশে সাইবার নিরাপত্তা আইনের ২১, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩১ এবং ৩৪ ধারা বাদ দেওয়া হয়েছে। এর ফলে উল্লিখিত ধারাগুলোর আওতায় নিষ্পত্তিাধীন মামলা, তদন্ত এবং কার্যক্রম বাতিল হয়ে যাবে। এছাড়া এসব ধারায় আদালত বা ট্রাইব্যুনাল কর্তৃক প্রদান করা দণ্ড ও জরিমানা বাতিল হবে।

\r\n

বির্তকিত এসব ধারাগুলোর মধ্যে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় সংগীত বা জাতীয় পতাকা নিয়ে বিদ্বেষ বা কুৎসামূলক প্রচারণার শাস্তি, পরিচয় প্রতারণা, মানহানিকর তথ্য প্রকাশ, আক্রমণাত্মক, মিথ্যা তথ্য প্রচার, ভীতি প্রদর্শনসহ অন্যান্য বিষয় ছিল।

\r\n

নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশে ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, অনলাইনে নারী ও শিশু নির্যাতন এবং যৌন হয়রানির মতো অপরাধকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

\r\n

ধর্মীয় বা জাতিগত সহিংসতা, ঘৃণা ও বিদ্বেষমূলক তথ্য প্রকাশের অপরাধের বিষয়টি অধ্যাদেশে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে এবং মত প্রকাশের ক্ষেত্রে মামলা জামিনযোগ্য রাখা হয়েছে।

\r\n

অধ্যাদেশে আরো বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে সাইবার অপরাধ সংঘটিত হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

\r\n

যদি কোনো ব্যক্তি সাইবার স্পেসে জুয়া খেলার জন্য পোর্টাল, অ্যাপ বা ডিভাইস তৈরি করেন বা পরিচালনা করেন, কিংবা জুয়া খেলায় অংশগ্রহণ করেন বা এতে সহায়তা ও উৎসাহ প্রদান করেন, তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা এক কোটি টাকা জরিমানা অথবা উভয় শাস্তি দেওয়া হতে পারে।

\r\n

নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশটি সরকারের সাইবার নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, তবে এর বাস্তবায়ন এবং নাগরিকদের অধিকার রক্ষায় কীভাবে কার্যকর হবে, তা সময়ই বলবে।