দেশের বিভিন্ন স্থানে দখল হয়ে যাওয়া খালগুলো পুনরুদ্ধার ও খননের উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে অবৈধ দখল উচ্ছেদ করে খালগুলো আগের অবস্থায় ফিরিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার দুপুরে শাহমাহমুদপুর ইউনিয়ন-এ খাল খনন কর্মসূচি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিগত সময়ে খাল খনন কার্যক্রম দীর্ঘদিন বন্ধ থাকায় অনেক এলাকায় খালপাড় দখল হয়ে গেছে। তবে বর্তমান সরকার নতুন করে ব্যাপক আকারে খাল খনন কর্মসূচি শুরু করেছে। এর মাধ্যমে জলাবদ্ধতা কমবে এবং কৃষি ও পরিবেশ উপকৃত হবে।

তিনি আরও জানান, কিছু এলাকায় খাল পুনরুদ্ধারে আইনি প্রক্রিয়ার আশ্রয় নিতে হবে এবং এজন্য প্রশাসনের সহযোগিতা নেওয়া হবে।

এ সময় তিনি বলেন, খাল খনন কর্মসূচি দেশের উন্নয়ন ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এটি ধাপে ধাপে সারাদেশে বাস্তবায়ন করা হবে।

এ কর্মসূচি পরিদর্শনের সময় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।