বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (১৯ মার্চ) রাজধানীর অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
\r\nসাক্ষাৎকালে সেনাপ্রধান দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি ও সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পাশাপাশি, জাতীয় উন্নয়ন ও স্থিতিশীলতা রক্ষায় সেনাবাহিনীর গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেন।
\r\nএ সময় জেনারেল ওয়াকার-উজ-জামান তার সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানান। তিনি আশা প্রকাশ করেন যে, এই সফর বাংলাদেশ ও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
\r\nএ ছাড়া, সদ্য সমাপ্ত উচ্চপদস্থ পর্ষদের মূল্যায়ন ও সুপারিশ, সেনাবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তাদের পুনর্বিচারের অগ্রগতি এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কেও প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়।
\r\nপ্রধান উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব ও অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি আশা প্রকাশ করেন যে, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী তাদের দায়িত্ব দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পালন করবে।






