রাজধানীতে বিদ্যুতের ওপর চাপ কমাতে প্রতিটি বাসায় সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ আয়োজিত তিন দিনব্যাপী বিদ্যুৎ, জ্বালানি ও নির্মাণ সরঞ্জাম বিষয়ক বিআইআইডি এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ভবিষ্যতের বিদ্যুৎ সংকট মোকাবিলায় সোলার পাওয়ারকে সহজলভ্য করা হবে এবং বিদ্যুতের ব্যাকআপ ব্যবস্থা জোরদার করা হবে। আগামী জুন মাসের মধ্যে সরকারি আদেশের মাধ্যমে এ বিষয়ে নতুন নীতিমালা জারি করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন নেতৃত্ব ও কার্যকর পরিকল্পনার অভাবে দেশে সোলার প্রযুক্তির বিস্তার ঘটেনি। তবে বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দিচ্ছে এবং বিশেষভাবে সোলার ও উইন্ড এনার্জির ব্যবহার বাড়াতে কাজ করছে।

মন্ত্রী দাবি করেন, বর্তমানে বিদ্যুতের দাম বাড়ানো হয়নি এবং সরকার বিকল্প জ্বালানি ব্যবস্থাকে সম্প্রসারণের মাধ্যমে দীর্ঘমেয়াদে বিদ্যুৎ খাতকে আরও টেকসই করতে চায়।