সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি নিয়েছিল, সেটি শেষ মুহূর্তে নিজেই অনুমতি বাতিলের অনুরোধ করেছে। ফলে আপাতত লন্ডনে যাওয়া হচ্ছে না খালেদা জিয়ার।


\r\n

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে পূর্বের স্লট অনুমোদন প্রত্যাহারের আনুষ্ঠানিক আবেদন করেছে। আবেদনটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে।


\r\n

রোববার জমা দেওয়া অপারেটরের প্রাথমিক আবেদনের ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সটিকে মঙ্গলবার সকাল ৮টায় অবতরণ এবং একই দিন রাত ৯টার দিকে খালেদা জিয়াকে নিয়ে উড্ডয়নের অনুমতি দেওয়া হয়েছিল।


\r\n

কাতার সরকারের পৃষ্ঠপোষকতায় জার্মানির এফএআই এভিয়েশন গ্রুপ থেকে ভাড়া নেওয়া এই এয়ার অ্যাম্বুলেন্সটি বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ মডেলের একটি বিজনেস জেট। দীর্ঘ দূরত্বের মেডিকেল ইভাকুয়েশনে ব্যবহৃত এই মডেলটি ট্রান্সকন্টিনেন্টাল উড়ানের সক্ষমতার জন্য পরিচিত, যা ঢাকা থেকে লন্ডনের মেডিকেল ট্রান্সফারের জন্য উপযোগী।

\r\n

গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি বোর্ড তার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে।