প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি। সাক্ষাতে মূলত নির্বাচন কমিশনের প্রস্তুতি ও সক্ষমতা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য দেন সিইসি।

তিনি বলেন, “প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন— আমরা একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য কতটা প্রস্তুত। আমরা তাঁকে জানাই, ইসি পুরোপুরি প্রস্তুত, ফুল গিয়ারে কাজ করছি।”

সিইসি আরও বলেন, “সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশনের আন্তরিকতা নিয়ে কোনো প্রশ্ন নেই।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা জাতীয় নির্বাচনকে ঘিরে প্রস্তুতি নিচ্ছি। যেকোনো সময় নির্বাচন আয়োজনের জন্য আমরা প্রস্তুত থাকতে চাই। তবে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কোনো আলোচনা হয়নি।”

এ সময় নির্বাচন কমিশন পুনর্গঠন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দাবির প্রসঙ্গে সিইসি বলেন, “নির্বাচন এখনো হয়নি, কমিশন পক্ষপাত দেখায়নি, জোর করে বসেও নেই—তাহলে কেন পুনর্গঠনের কথা আসবে? আমরা তো ৫ আগস্টের ফসল, স্বচ্ছ প্রক্রিয়ায় আমাদের নিয়োগ হয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থাশীল। আমাদের কর্মকাণ্ড দেখে দলগুলো নিশ্চয়ই আমাদের ওপর আস্থা রাখবে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বর্তমানে বিরাজ করছে।”

প্রসঙ্গত, গত ২৬ জুন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।