স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগ দাবিতে আল্টিমেটাম দিয়েছে জাতীয় ছাত্রশক্তি। সংগঠনটির নেতারা জানিয়েছেন, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতের মধ্যে পদত্যাগ না হলে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন।
বিকেলে রাজধানীর শাহবাগ চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ হাসান বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার কারণে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে। আজ রাতের মধ্যেই তার পদত্যাগ নিশ্চিত না হলে আমরা যমুনার সামনে গিয়ে অবস্থান নেব।’
তিনি আরও অভিযোগ করেন, আইনশৃঙ্খলার অবনতির কারণেই ওসমান হাদির ওপর হামলা হয়েছে এবং বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এনসিপি নেত্রী জান্নাত আরা রুমীর মৃত্যুর প্রসঙ্গ টেনে তিনি বলেন, দীর্ঘদিন সাইবার বুলিংয়ের শিকার হয়েও থানায় জিডি করার পর কোনো প্রতিকার না পাওয়ায় তার মৃত্যু হয়েছে বলে তারা মনে করেন।
জাহিদ হাসানের দাবি, গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক ঘটনাগুলোর দায় স্বরাষ্ট্র উপদেষ্টার ওপর বর্তায়। এসব ঘটনার প্রেক্ষিতে জাহাঙ্গীর আলমের পদত্যাগ ছাড়া বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।
সমাবেশে সংগঠনটির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনী বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। প্রয়োজনে যমুনা ঘেরাও কর্মসূচিও দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
সমাবেশে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। পরে তারা বিক্ষোভ মিছিল করে রাজু ভাস্কর্যের সামনে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের কুশপুত্তলিকা দাহ করেন।





