আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন আইন, বিচার ও প্রবাসীকল্যাণ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসেই তিনি জাতীয় ক্রীড়া পরিষদে উপস্থিত হয়ে দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
আইনজীবী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হিসেবে পরিচিত আসিফ নজরুল দীর্ঘদিনের ক্রীড়াপ্রেমী। বিশেষ করে ফুটবলের প্রতি তার আগ্রহ পুরোনো। মতবিনিময় সভায় ফুটবলের প্রসঙ্গ একাধিকবার উঠে আসে। এ সময় ফুটবল উন্নয়ন ও পরিচালনায় সরকারের সহযোগিতা চেয়ে বক্তব্য দেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। জবাবে উপদেষ্টা বলেন, দেশের শীর্ষ পর্যায়ের একটি ফেডারেশনের কর্মকর্তার কাছ থেকে তিনি আরও বাস্তবধর্মী ও পরিপক্ক প্রস্তাব প্রত্যাশা করেন।
দেশের ফুটবলে গতি আনতে জেলা পর্যায়ের ১৬ দল নিয়ে একটি ‘সুপার লিগ’ আয়োজনের প্রস্তাব দেন ক্রীড়া উপদেষ্টা। বাফুফের পক্ষ থেকে জানানো হয়, শিগগিরই এ বিষয়ে একটি প্রস্তাবনা জাতীয় ক্রীড়া পরিষদে জমা দেওয়া হবে। এ সময় আসিফ নজরুল তিন দিনের মধ্যে প্রস্তাবনা জমা দেওয়ার নির্দেশ দেন।
একই সঙ্গে দেশের একমাত্র ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপিকে এলিট পর্যায়ে নেওয়ার ওপর জোর দেন তিনি। বিকেএসপির অবকাঠামো, সুযোগ-সুবিধা ও প্রশিক্ষণ ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করাকে অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন উপদেষ্টা। এ লক্ষ্যেই তিনি শিগগিরই বিকেএসপি পরিদর্শনে যাওয়ার কথা জানান এবং সেই সফরে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকে সঙ্গে নিতে চান।
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ক্রীড়া সম্ভাবনাও বিশেষ গুরুত্ব পাচ্ছে আসিফ নজরুলের পরিকল্পনায়। তিনি বলেন, অ্যাথলেটিকস, ফুটবল ও ক্রিকেটসহ বিভিন্ন খেলায় দেশের অনেক সফল ক্রীড়াবিদ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায় থেকে উঠে এসেছেন। পার্বত্য অঞ্চলের খেলোয়াড়দের তিনি দেশের ক্রীড়াঙ্গনের বড় সম্পদ হিসেবে উল্লেখ করেন। সেখানে অবকাঠামো উন্নয়ন, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন ও প্রতিভা বিকাশে বিশেষ প্রকল্প নেওয়ার পরিকল্পনার কথাও জানান ক্রীড়া উপদেষ্টা।





