হত্যা মামলায় জামিন পাওয়ার পর কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন।
সোমবার (১১ মে) বিকেল পৌনে ৬টার দিকে তাকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ।
কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, আদালতের জামিন আদেশ এবং সংশ্লিষ্ট সব নথি যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়।
কারা সূত্রে জানা যায়, তানভীর সালেহীন ইমন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার আয়লা গ্রামের মো. ইকবাল হোসেনের ছেলে।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের আগস্টে রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর একই বছরের ১২ ফেব্রুয়ারি তাকে কারাগারে পাঠানো হয় এবং পরে ৪ সেপ্টেম্বর কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগারে স্থানান্তর করা হয়।
পরবর্তীতে গত ১০ মে ঢাকা মহানগর আদালত তার জামিন মঞ্জুর করেন। সেই জামিন আদেশের ভিত্তিতেই তিনি মুক্তি পান বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।





