জুলাই আন্দোলনের সম্মুখসারির সংগঠক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সংগঠনটির নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন। ব্যানারে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী কার্যক্রমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল—‘আমি কে তুমি কে, হাদি হাদি’, ‘আমার সোনার বাংলায়, খুনি লীগের ঠাঁই নাই’, ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’ এবং ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’।

একই সময়ে জুমার নামাজ শেষে খেলাফত মজলিসের ঢাকা মহানগর দক্ষিণ শাখার পক্ষ থেকেও বায়তুল মোকাররম এলাকায় পৃথক কর্মসূচির মাধ্যমে শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদ এবং দ্রুত বিচারের দাবি জানানো হয়।