ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হয়ে এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।

ইনকিলাব মঞ্চের কর্মী ও ডাকসু সদস্য ফাতিমা তাসনিম জুমা দাবি করেছেন, হত্যাকারীর সহযোগীরা হাসপাতালে পর্যন্ত হাজির হয়েছিল। তিনি বলেন, “এই পরিকল্পনা এক জনের করা হয়নি, পুরো সিন্ডিকেট এখনো সক্রিয়। হত্যাকারীদের সহযোগীরা হাসপাতালে এসেছিল বলে আমাদের কাছে তথ্য এসেছে।”

ঘটনার দুই দিন পার হলেও আইনশৃঙ্খলা বাহিনী আসামিকে ধরতে পারেনি। জুমা বলেন, “যে আসামী একবার গ্রেপ্তার হয়েছে, তার তথ্য সংস্থাগুলোর কাছে থাকা সত্ত্বেও তাকে চিহ্নিত বা আটক করা সম্ভব হয়নি। আমরা বিশ্বাস করি, আসামী দেশ ছেড়ে যায়নি। সম্ভবত পালিয়ে যাওয়ার বা সহযোগিতা পাওয়ার পরিকল্পনা করছে।”

তিনি হাদিসহ সকলের নিরাপত্তা জোরদারের আহ্বান জানান। “পুরো সিন্ডিকেটকে জীবিত গ্রেপ্তার দেখতে চাই। ওসমান ভাইয়ের নিরাপত্তা ও সকলের নিরাপত্তা জোরদার করতে হবে। আমরা ধৈর্য্য ধরে আছি, কিন্তু সীমা আছে।”