ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনায় জড়িত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ভারতে পালিয়ে গেছেন। বিষয়টি আগেই উল্লেখ করেছিলেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের। রোববার (১৪ ডিসেম্বর) তিনি এক ফেসবুক পোস্টে দাবি করেন, ফয়সাল করিম ভারতে গিয়ে সেলফি পাঠিয়েছেন।
সায়ের পোস্টে বলা হয়েছে, ‘শুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন ১২ ডিসেম্বর সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেন। তারপর মো. মাসুদুর রহমান বিপ্লব ফয়সালকে ভারতীয় একটি নম্বর (+৯১৬০০১৩৯৪০**) দিয়ে দেন, যার মাধ্যমে তিনি সেলফি পাঠিয়েছেন। ছবিটি ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে তোলা হয়েছে।’
এদিকে, প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, গুরুতর অসুস্থ হাদিকে উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে। তার চিকিৎসার সমস্ত ব্যয় রাষ্ট্র বহন করবে এবং প্রক্রিয়া সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হবে।
শরিফ ওসমান হাদিকে গত শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলি করা হয়। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন। এ ঘটনার পর থেকে দেশে প্রতিবাদ কর্মসূচি চলছে।





