ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে শুক্রবার (১৯ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে আন্দোলনকারীরা আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) হাদির জানাজায় অংশ নেওয়া এবং জানাজা শেষে তার কফিন স্পর্শ করে শপথ নেওয়ার আহ্বান জানিয়ে আজকের কর্মসূচি শেষ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এস এম ফরহাদ।
হাদির বিচার দাবিতে ভোর থেকেই শাহবাগে শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ সমবেত হতে শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে জনসমাগম বাড়তে থাকে এবং দুপুরের দিকে শিক্ষার্থী ও সাধারণ জনতার ঢল নামে।
বিক্ষোভ চলাকালীন শাহবাগ মোড়ে জুমার নামাজ আদায় করা হয়। নামাজ শেষে মোড়টি ‘শহীদ ওসমান হাদি চত্বর’ হিসেবে নামকরণ করা হয়। আন্দোলনের কারণে শাহবাগ মোড়ে গণপরিবহনও বন্ধ ছিল।
বিকেল ৩টার দিকে ডাকসুর সহ-সভাপতি সাদিক কায়েমের ঘোষণায় শাহবাগে আধিপত্যবাদবিরোধী সমাবেশ শুরু হয়। মৎস্য ভবনমুখী সড়কে ডাকসু সদস্যরা একটি ট্রাকের ওপর অবস্থান নিয়ে প্রতিবাদী স্লোগান দেন। একই সঙ্গে জুলাই ভাস্কর্যের পাদদেশে জুলাই আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন প্ল্যাটফর্মের সদস্যরাও অবস্থান নেন।
সমাবেশে অংশগ্রহণকারীরা ‘আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি লড়াই করে’সহ বিভিন্ন স্লোগান দেন। ঢাবি সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ সমাবেশে অংশ নেন। তারা হাদি হত্যার দ্রুত বিচার, হত্যাকারীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করেন।





