সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অর্থোপেডিক্স অ্যান্ড স্পোর্টস সার্জারি বিভাগের ক্লিনিক্যাল ফেলো ডা. আব্দুল্লাহ আল রাফি বলেছেন, গুলিবিদ্ধ ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি হলেও তার দ্রুত ফেরার সম্ভাবনা নেই। তিনি জানান, এ ধরনের রোগীর ক্ষেত্রে সুস্থ হয়ে ওঠা সময়সাপেক্ষ এবং দীর্ঘ সময় আইসিইউতে থাকতে হতে পারে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সামাজিক মাধ্যমে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় ডা. রাফি এসব তথ্য জানান। তিনি বলেন, হাদি ইংশাআল্লাহ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরবেন, তবে খুব দ্রুত তা আশা করা বাস্তবসম্মত নয়।
ডা. রাফি জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিউরোসার্জারি বিভাগ অত্যন্ত শক্তিশালী। এখানে নিউরোসার্জারির জন্য ন্যাশনাল নিউরোসাইন্স ইনস্টিটিউট (এনএনআই) নামে আলাদা প্রতিষ্ঠান রয়েছে, যেখানে রোবোটিক সার্জারিসহ সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়।
তিনি আরও বলেন, হাদির মাথার ভেতরে বুলেটের একটি অংশ থাকার তথ্য রয়েছে। তার অবস্থা কিছুটা স্থিতিশীল হলে ইন্ট্রা-অপারেটিভ এমআরআই করা প্রয়োজন হতে পারে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। এ ধরনের উন্নত সার্জারি বাংলাদেশ বা আশপাশের দেশে সহজলভ্য নয়। এ কারণে হাদিকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্তকে তিনি সঠিক সিদ্ধান্ত বলে উল্লেখ করেন।
হাদির বর্তমান জিসিএস-থ্রি অবস্থার কথা উল্লেখ করে ডা. রাফি বলেন, এ ধরনের রোগীর ক্ষেত্রে দ্রুত সুস্থ হয়ে ওঠা সম্ভব নয়। উদাহরণ দিয়ে তিনি জানান, সম্প্রতি একই হাসপাতালে গুরুতর হেড ইনজুরি নিয়ে আসা এক রোগীকে প্রায় তিন মাস আইসিইউতে থাকতে হয়েছে। তাই এটি দু-এক দিনের বিষয় নয় এবং হাদিকে রাতারাতি সুস্থ করা সম্ভব নয় বলেও জানান তিনি।





